ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত কর্মকর্তা ক্যাপ্টেন মাওজ ইসরায়েল রেকানাতি (২৪)। তিনি পশ্চিম তীরের ইতামার বসতির বাসিন্দা এবং গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন। মৃত্যুর পর তাকে মরণোত্তর লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে উন্নীত করা হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে তারা ইসরায়েলি সেনা অবস্থান, ট্যাংক ও সামরিক যানবাহনে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েলি বাহিনী সুর, বিনতে জবেইল ও নাবাতিয়েহসহ একাধিক এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ২,৯৬৯ জন নিহত এবং ৯,১১২ জন আহত হয়েছেন।
এদিকে হিজবুল্লাহ নতুন করে কোনো শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের চাপেই লেবাননের কর্তৃপক্ষ বিভিন্ন শর্তে নতি স্বীকার করছে। সংগঠনটির অবস্থান, ইসরায়েলের সঙ্গে আলোচনা দখলদারিত্বকে বৈধতা দেবে। তারা বরং সম্পূর্ণ সেনা প্রত্যাহার, হামলা বন্ধ, বন্দি মুক্তি এবং শর্তহীন পুনর্গঠনকে অগ্রাধিকার দিচ্ছে।
উল্লেখ্য, ১৫ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয় এবং পরবর্তী দফা আলোচনার সিদ্ধান্ত নেয়।