সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই ঘটনায় ভারত প্রত্যাশিত সাফল্য পায়নি এবং এর প্রভাব দীর্ঘদিন মনে রাখবে।
খাজা আসিফ আরও অভিযোগ করেন, আফগানিস্তানে সক্রিয় কিছু ভারত-সমর্থিত গোষ্ঠী আঞ্চলিক অস্থিতিশীলতায় ভূমিকা রাখছে। এসব কার্যক্রম মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আজাদ জম্মু ও কাশ্মীরকে ঘিরে সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেসব মন্তব্য স্থানীয় জনগণের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; বরং ভারতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
তিনি আরও দাবি করেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি ও গোষ্ঠী এসব কর্মকাণ্ডে অর্থ ও অন্যান্য সহায়তা দিচ্ছে।
পানিসম্পদ ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানিয়ে খাজা আসিফ বলেন, সম্ভাব্য যেকোনো চাপ বা বিরোধ মোকাবিলায় পাকিস্তান প্রস্তুত রয়েছে এবং দেশের পানিস্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।