সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন মঙ্গলবার (৮ জুলাই) এ নোটিশ দেন। নাটকের পরিচালক অমি ছাড়াও এতে নাম রয়েছে—অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রোডাকশন হাউজ বুম ফিল্মস-এর।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, নাটকের সিজন ৫-এর প্রথম ১ থেকে ৮ পর্বে একাধিক সংলাপ রয়েছে যেগুলো অশ্লীল,ডাবল মিনিং এবং কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
নোটিশে উদাহরণ হিসেবে ‘ডেট, উনিশ/বিশ, টাকা হলে শিশা খেতে পারতাম, বাঙালি পোশাক লুঙ্গি, ফিমেল, কিডনি, দই’—ইত্যাদি সংলাপের কথা উল্লেখ করা হয়, যা সামাজিক শালীনতা, পারিবারিক রুচি এবং নারীর মর্যাদার পরিপন্থী বলে দাবি করা হয়।
নির্মাতা নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, নাটকটি এখন সব বয়সী দর্শকের জন্য তৈরি করা হচ্ছে। অথচ এর ভাষা, উপস্থাপন ও বিষয়বস্তু পরিবারবান্ধব নয় বলে নোটিশে উল্লেখ করা হয়। এতে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী কিশোর-তরুণদের মানসিক গঠনে ক্ষতিকর কনটেন্ট প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। অথচ এই নাটকের অশ্লীল সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং তরুণদের ভাষা ও আচরণে স্থায়ী প্রভাব ফেলছে।
৭ কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে লিগ্যাল নোটিশে। তা না হলে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন আইনজীবী মহি উদ্দিন।