সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় জুলাই শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী ও দুজন সাংবাদিকসহ ছয়জনকে গুরুতর আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মান্নান গাজী, শাহীন খন্দকার, জসীম উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি নিউজের ক্যামেরা পারসেন মো. মজনু এবং এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সাঈদুল ইসলাম।
বিস্ফোরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। সেখান থেকে নেতারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বিদ্যুৎ বিভ্রাটের সমালোচনা করে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।