শনিবার রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার শুরু থেকেই সংসদকে কার্যকর করতে পারেনি এবং কেবল প্রচারণা নির্ভর কৌশল দিয়ে দেশ পরিচালনার চেষ্টা করছে। তিনি আরও বলেন, অতীতে বাংলাদেশকে পরনির্ভরশীল অবস্থায় নেওয়া হয়েছিল, আর বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে তবে জনগণ তা মেনে নেবে না। পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা নিয়েও তিনি অস্পষ্টতার কথা তুলে ধরেন।
স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতিকে তিনি সংকটময় উল্লেখ করে বলেন, কার্যকর উদ্যোগের অভাবে চিকিৎসা ব্যবস্থার অবনতি ঘটছে। একই সঙ্গে ভারতের নদীতে বাঁধ নির্মাণের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন এবং এ বিষয়ে নতুন চুক্তির দাবি জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আলোচনায় না আনার বিষয়েও প্রশ্ন তোলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকারের কার্যক্রম ও পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজনীয়তা। তিনি আরও অভিযোগ করেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ একাধিক অধ্যাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির ঘোষণার কোনো বাস্তব অগ্রগতি নেই বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনদুর্ভোগ বাড়ছে বলেও তিনি দাবি করেন।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সঞ্চালনা করেন। এতে এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।