লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, “জুলাই সনদ কোনোভাবেই সংবিধানের বিকল্প হতে পারে না। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জামায়াতের সঙ্গে মিলে বলছে, নির্বাচন ওই সনদে হতে হবে—এ দাবি সম্পূর্ণ অবাস্তব।”
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাতাঘাসী ইউনিয়ন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলডিপি মহাসচিব আরও বলেন, “১৯৭২ সালের সংবিধান আওয়ামী লীগের নয়, এটি মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে এই সংবিধান রচিত হয়েছে। তাই নির্বাচনও হবে সংবিধান অনুযায়ী।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আন্দোলনের আগে কখনো তারা সংস্কারের কথা বলেনি। বিএনপি ২০২২ সাল থেকে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং যুগপৎ আন্দোলনের দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছে। তারেক রহমানের নেতৃত্বে সেই প্রস্তাব বাস্তবায়ন হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর বিচার প্রসঙ্গে ড. রেদোয়ান বলেন, “শেখ হাসিনার অপরাধের বিচার একদিন হবে। কিন্তু বিচার বা সাজা কার্যকর করার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আদালত রায় দিলেও তা কার্যকর করতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমেই।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বাতাঘাসী ইউনিয়ন এলডিপি সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান ও বাতাঘাসী ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম