অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, এই ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ান নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। এ সময় জামায়াত আমির বিগত সরকারের জুলুম-নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং জানান, ক্ষমতায় এলে তারা শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে।
গোলাম পরওয়ার আরও বলেন, বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা, বাংলাদেশে আসন্ন নির্বাচন এবং জামায়াতের অংশগ্রহণ প্রসঙ্গও আলোচিত হয়েছে। তিনি উল্লেখ করেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত।
চীনা প্রতিনিধি দলের নেতা ঝো পিংজিয়ান বলেন, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সব স্তরের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হবে।