স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিলটিতে যুবদলের পাশাপাশি স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও অংশ নেন। অভিযোগ উঠেছে, পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকিম মিছিলের নেতৃত্ব দেন এবং লোকসমাগম বাড়ানোর উদ্দেশ্যে তিনি স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে অংশ নিতে অনুরোধ করেছিলেন।
মিছিলে যুবলীগের এরশাদ এবং ছাত্রলীগের নাজিব, সায়মন ও দেলোয়ারের মতো কয়েকজন কর্মীর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকেই যুবদলের অভ্যন্তরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সংগঠনের অনেকেই একে শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মাত্র একদিন আগেই (১১ নভেম্বর) একটি নির্দেশনা জারি করে জানিয়েছিল—কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া কোনো স্থানীয় ইউনিট এককভাবে কর্মসূচি নিতে পারবে না, এবং নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিটি যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ছিল।
এই প্রেক্ষাপটে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা জারি হওয়ার পরেও স্থানীয়ভাবে মিছিল আয়োজন করা স্পষ্টতই শৃঙ্খলাভঙ্গের শামিল। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তবে বিতর্কের মুখে পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকিম নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “মিছিলটি ছিল আওয়ামী লীগের অন্যায় ও দমননীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ। যারা অংশ নিয়েছেন, তাঁরা সবাই সেই অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। এখানে দলীয় পরিচয়ে নয়, বরং অন্যায় প্রতিরোধের দাবিতে তাঁরা এসেছেন।”
এ নিয়ে এখনো যুবদলের কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজনৈতিক মহল মনে করছে, ঘটনাটি পটিয়া যুবদল ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে।