আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয়ী হয়েছে। এটি অনেকের জন্য বিস্ময়কর হলেও, আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে ইনশাআল্লাহ।”
তিনি যোগ করেন, “যারা আমাদের সমর্থন করেন, তাদের সঙ্গে আমরা আগামী নির্বাচনে তিনশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা রাখি। এজন্য আর্থিক কুরবানিসহ সকল ধরনের সহযোগিতা প্রয়োজন।”
জামায়াত আমির আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ও ২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অনেকেই জীবন দিয়েছেন, কেউ কেউ অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন। আল্লাহ আমাদের এই কুরবানির বিনিময়ে বিজয় দিয়েছেন। আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে সেই ত্যাগের পূর্ণ প্রতিদান দিন।”
তিনি অতীতের কঠোর শাসন ও নির্যাতনের কথা স্মরণ করে বলেন, “বিগত ১৫ বছর ধরে অনেক নেতাকে হত্যা, আহত ও নির্বাসিত হতে হয়েছে। অনেকে এখনও অসুস্থ। তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের ত্যাগ গ্রহণ করুন ও মর্যাদা দান করুন।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা, ফলের মালিক আল্লাহ। জনগণের সেবায় বিনয়ী হতে হবে এবং সাহায্য চাইতে হবে।”
অধিবেশনে কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্ব করেন। রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬ বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কুরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদ সদস্য এবং সারাদেশ থেকে নির্বাচিত শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।