জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের বলেন, “জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দায়সারাভাবে হচ্ছে। এতে জনগণের আশা–প্রত্যাশা বিবেচিত হচ্ছে না।”
তিনি উল্লেখ করেন, এনসিপির আহ্বায়ক চার দফা দাবি তুলে ধরেছেন যা দেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার দাবিগুলো কার্যকর করতে তৎপর নয়। সারজিস বলেন, “আমরা চাই জুলাই সনদের আইনি ভিত্তি স্পষ্ট হোক, যাতে ভবিষ্যতে কোনো দল তা বাতিল করতে না পারে। কিন্তু এখনো এটি অনির্দিষ্ট।”
জুলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানিত অতিথি হিসেবে রাখা উচিত ছিল। কিন্তু সেখানে রাজনৈতিক মিলনমেলার পরিবেশ তৈরি করা হয়, ফলে প্রশাসন লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করেছে, যা দুঃখজনক।”
তিনি আরও বলেন, “সরকার সংলাপের মাধ্যমে বিষয়টি সামলাতে পারত, কিন্তু তারা দায়সারাভাবে পদক্ষেপ করেছে। জনগণের নিরাপত্তা নয়, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, ফজলে রাব্বী, মোফাজ্জল হোসেন বিপুল, নুর ইসলাম নুরু এবং হাফিজুল্লাহ প্রধান জুয়েল প্রমুখ।