বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের জানান, তিনি হাসপাতালে ভর্তির সময়ের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন।
ডা. জাহিদ বলেন, “এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা পরীক্ষা শেষ হওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তিনি বাসায় ফিরবেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।”
ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের কবরে ফুল দেন। পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মন্তব্য করেন।
গত ২৮ আগস্ট রাতে খালেদা জিয়া হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করান এবং রাতেই বাসায় ফিরেন। পরবর্তীতে ১৫ অক্টোবর আবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হন।
ডা. জাহিদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে। ১৫ বছরের ধারাবাহিক আন্দোলনের পর এটি বাস্তবায়ন হচ্ছে। দেশের মানুষ এখন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিকে মনোযোগী। এতে কারা অংশ নেবেন এবং কিভাবে বাস্তবায়িত হবে—সবই স্পষ্ট।”
তিনি যোগ করেন, “রাষ্ট্র কোনো গুরুত্বপূর্ণ সনদ বাস্তবায়নের দায়িত্ব নিলে মানুষের মনে কোনো ভীতি বা শঙ্কার কারণ নেই। এটি নিশ্চিতভাবে বাস্তবায়ন হবে।”