সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি জানান, যুক্তরাজ্যে অবস্থানকালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেও বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা এবং ২০২৪ সালের জুলাইয়ের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।
এহতেশাম হক বলেন, সফরে জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন নাহিদ ইসলাম।
যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ও সফরের অন্যতম কর্মসূচি। তাঁদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ উপস্থিত ছিলেন।