বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশি তারকা সাবিনা খাতুন একাই করেন সাতটি গোল, আর ঋতুপর্ণা চাকমা ছয় গোল করে জমিয়ে দেন ডাবল হ্যাটট্রিকের উৎসব।
তবে কেবল এ দুজনই নন, দলের পক্ষে চারটি গোল করেছেন সুমাইয়া, আর মনিকা করেছেন জোড়া গোল। প্রথমার্ধে ১১-০ গোলে এগিয়ে থাকা পারো এফসি দ্বিতীয়ার্ধে আরও দ্বিগুণ গতি নিয়ে প্রতিপক্ষকে পুরোপুরি ছিন্নভিন্ন করে দেয়।
ম্যাচসেরা হয়েছেন গোল মেশিন খ্যাত সাবিনা খাতুন। ম্যাচ শেষে তিনি বলেন, “গোল করছি, দল জিতছে—এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।”
চলতি মৌসুমে সাবিনার গোলসংখ্যা ইতোমধ্যেই ২০ ছাড়িয়েছে, যা তার দুর্দান্ত ফর্মেরই প্রমাণ।
ভুটান লিগে একের পর এক ম্যাচে বাংলাদেশি ফুটবলারদের আধিপত্য চোখে পড়ার মতো। আগের ম্যাচে ম্যাচসেরা ছিলেন সুমাইয়া, এবার উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন সাবিনা।
সবমিলে ভুটানের মাঠ যেন এখন বাংলাদেশের মেয়েদের জন্য গোল উৎসবের এক অবিচ্ছিন্ন মঞ্চে পরিণত হয়েছে।