নাকভি জানিয়েছেন, এবারের আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
‘আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি। বিস্তারিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে।’
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাদের সঙ্গে যোগ দিচ্ছে আমন্ত্রণপ্রাপ্ত তিন দল—সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
তবে এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াই—ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে তাদের ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় সেই ম্যাচ বাতিল হয়ে যায়। ফলে আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে, যদিও দুই দলই টুর্নামেন্টে অংশ নিচ্ছে