সুনামগঞ্জের আলফাত স্কয়ারে আয়োজিত প্রতিবাদ সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদ এখনো নানা উপায়ে কার্যকর হওয়ার চেষ্টা করছে, কিন্তু জনগণ এর বিরুদ্ধে রায় দিয়েছে। এখন সময় এসেছে এর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার।”
তিনি সুনামগঞ্জের সংগ্রামী ইতিহাস তুলে ধরে বলেন, “এই জনপদে জন্মেছেন দেওয়ান হাছন রাজা, শাহ আব্দুল করিমসহ বহু গুণীজন। হাওরের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষজন সম্প্রতি গণঅভ্যুত্থানে তাদের আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করেছেন, তারা দেশের প্রয়োজনে সব কিছু করতে প্রস্তুত।”
নাহিদ আরও বলেন, “ইতিহাস ও সময় আমাদেরকে বাধ্য করেছে আজ আপনাদের সামনে দাঁড়াতে। ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম গড়ে তোলা হয়েছে, তাতে আপনারাই ছিলেন প্রকৃত অংশীদার। ৫ আগস্ট আপনারা ঢাকায় গিয়ে গণভবন ঘেরাও করেছেন, শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন।”
তিনি শেখ হাসিনার শাসনকালকে ‘ফিটনেসবিহীন রাষ্ট্র’ বলে অভিহিত করেন এবং বলেন, “আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি অব্যবস্থাপূর্ণ রাষ্ট্র রেখে যেতে পারি না। তাদের জীবনদান আমাদের আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছে।”
নাহিদ ইসলাম তার বক্তব্যের শেষে বলেন, “মুজিববাদ মানেই হলো ফ্যাসিবাদ, বিভাজন, নিপীড়ন, গণতন্ত্রের হত্যাকাণ্ড এবং অর্থ পাচারের রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে জনগণকেই সংগঠিত হতে হবে।”