আসন্ন নির্বাচনের নির্ধারিত ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বহাল রাখার পক্ষে মত দিয়ে তফসিলের অন্যান্য গুরুত্বপূর্ণ সময়সূচি সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছ থেকে সব রাজনৈতিক দলের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেছে দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন–এর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা সাংবাদিকদের বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ এবং গণভোটের পরিবেশ নিয়ে কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যেসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা গণমাধ্যমে আরও দৃশ্যমানভাবে তুলে ধরার দাবি জানিয়েছে এনসিপি।
এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারী দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশ একটি অস্থির সময় পার করছে। এই অবস্থায় নির্বাচন সময়মতো আয়োজন করা অত্যন্ত জরুরি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ নানা কৌশলে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একইসঙ্গে একটি রাজনৈতিক দলের ‘না’ ভোটের প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি জনগণের প্রতি আহ্বান জানান—দেশের কাঠামোগত সংস্কারের স্বার্থে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভেতরে এখনো অতীতের কর্তৃত্ববাদী শাসনের সহযোগীরা সক্রিয় রয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে কমিশনের সক্ষমতা ও দৃঢ়তা আরও বাড়াতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও অপরিহার্য। এই প্রেক্ষাপটে তফসিলের কয়েকটি ধাপ নিয়ে পুনর্বিবেচনার (রিথিংক) অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচনী প্রতীক প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারী স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে কোনো জোট গঠিত হলেও এনসিপি আসন্ন নির্বাচনে ‘শাপলা’ প্রতীকেই অংশ নেবে। দেশের স্থিতিশীলতা বিনষ্টের যে চেষ্টা চলছে, এনসিপি সে সুযোগ কোনোভাবেই দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।