ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত গেজেটে সংশোধিত সীমানার বিষয়টি জানানো হয়।
সীমানা পুনর্নির্ধারণ করা ১১টি আসন হচ্ছে—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২, লক্ষ্মীপুর-৩, চট্টগ্রাম-২ ও কক্সবাজার-১।
নতুন সীমানা অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা। বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা।
ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। অন্যদিকে কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা।
চট্টগ্রাম-২ আসনের সীমানায় ফটিকছড়ির সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা। আর কক্সবাজার-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে মাতামুহুরী উপজেলা।
প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানাতেও। এসব আসনের সীমানা নতুন প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে গেজেটে নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট যুক্ত হওয়ার বিষয়টি থাকলেও অধিকাংশ আসনের ভৌগোলিক পরিসরে বড় ধরনের পরিবর্তন আনা হয়নি। মূলত প্রশাসনিক পুনর্বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব আসনের সীমানা সমন্বয় করা হয়েছে।