বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একাধিক অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত, ডাকাত চক্রের সদস্য, কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত অপরাধী এবং চোরাকারবারিসহ মোট ১৭১ জন সন্দেহভাজনকে আটক করা হয়।
আইএসপিআর জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০টি ককটেল, ধারালো অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সারাদেশে জননিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চলে সৃষ্ট শ্রমিক অসন্তোষ মোকাবিলায়ও বাহিনীটি দায়িত্ব পালন করছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক তৎপরতা চোখে পড়লে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।