বাংলাদেশ সচিবালয়ে হামলার ঘটনায় হত্যাচেষ্টা, দাঙ্গা সৃষ্টি, সরকারি সম্পত্তি ধ্বংস ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলার এজাহার গ্রহণ করে ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাতে ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীদের আসামি করা হয়।
এজাহারে বলা হয়, গত ২২ জুলাই রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজে সংঘটিত দুর্ঘটনা এবং এইচএসসি পরীক্ষা স্থগিতসহ ছয় দফা দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা প্রথমে শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের দিকে গেলেও পরে সেখান থেকে সচিবালয়ের মূল গেটের সামনে অবস্থান নেয়। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
তবে শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশ করতে নিষেধ করা সত্ত্বেও তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দাঙ্গা সৃষ্টি করে, পুলিশের বাধা উপেক্ষা করে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের ওপর লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে—যার ফলে অনেকে আহত হন।
এছাড়া অভিযুক্তরা সরকারি যানবাহনে ভাঙচুর চালায় এবং হুমকি ও আতঙ্ক সৃষ্টি করে, যা জননিরাপত্তা বিঘ্নিত করে।