বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ শেখানোর ওপর জোর দেন তিনি।
সরকারি বিভিন্ন প্রকল্প ছড়িয়ে-ছিটিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সুবিধা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চান। উৎপাদক থেকে ভোক্তার পথে অনৈতিক মুনাফা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে দ্রব্যমূল্য বাড়ে বলেও মন্তব্য করেন তিনি। কৃষকদের প্রণোদনার পাশাপাশি এসব জায়গায় নজর দেওয়ার কথা বলেন।
তিনি আরও বলেন, যেকোনো পরিকল্পনায় নাগরিক নিরাপত্তা ও দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দিতে হবে। এতে অন্যান্য খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। পড়াশোনাকে সহজ ও আনন্দময় করার কথা উল্লেখ করে তিনি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে শিক্ষার অংশ করার প্রস্তাব দেন, যাতে শিশুরা প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে থাকে।
নগর ব্যবস্থাপনা নিয়ে তারেক রহমান বলেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়ন ও কর্মসংস্থানের কারণে যানজট বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে ঢাকার বাইরে শিক্ষা ও স্বাস্থ্যসুবিধাসহ স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিবহন ব্যবস্থায় মেট্রোরেলের পাশাপাশি কম জায়গা লাগে এমন মনোরেলের সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
প্রবাসী তরুণদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলে তিনি জানান, প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রস্তুত করে বিদেশে পাঠানো হবে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে প্রণোদনার কথাও উল্লেখ করেন।