শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মনসুন থিয়েটারে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন আর কোনো জুলাই জাদুঘর তৈরি করতে না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থান ও তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে গণতন্ত্রের সুরক্ষায় কার্যকর নজরদারি প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচনায় অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।
১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, এর মধ্য দিয়ে সাংবিধানিক সংকট ও স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি হয়। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলকেও গণতন্ত্র ধ্বংস ও ফ্যাসিবাদী শক্তির উত্থানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি তৈরি হয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থা নিয়ে তিনি বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি বিচারকদের জবাবদিহিও আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে, যাতে রাষ্ট্রের কোনো অঙ্গ নিয়ন্ত্রণহীন ক্ষমতার অধিকারী না হয়।
উচ্চকক্ষ গঠন, নির্বাচনে পিআর পদ্ধতি চালু এবং গণভোটের প্রস্তাব নিয়েও বিরোধী দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না।’ গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দল ও জনগণের ঐক্য প্রয়োজন।