শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে লাখো মানুষের জানাজায় অংশগ্রহণই প্রমাণ করে, খালেদা জিয়া একটি জাতির নেত্রীতে পরিণত হয়েছিলেন।
নূরুল কবীর বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তার সংযম, রুচিশীলতা ও আত্মমর্যাদা। দীর্ঘদিন রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ ও ব্যক্তিগত দুর্ভোগ সত্ত্বেও তিনি কখনো প্রকাশ্যে ক্ষোভ বা বিদ্বেষমূলক বক্তব্য দেননি, যা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরল উদাহরণ।
তিনি আরও বলেন, মত ও আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু শালীনতা ও পরিমিতিবোধ আজকের অসহিষ্ণু রাজনৈতিক পরিবেশে অত্যন্ত প্রয়োজনীয়। খালেদা জিয়ার এই গুণগুলো সবার জন্য শিক্ষণীয়।
জানাজার প্রসঙ্গ টেনে নূরুল কবীর বলেন, সেদিন বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে রাজনীতি পরিচালনার যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবে রক্ষা করার আহ্বান জানান তিনি।