সোমবার (৮ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপনের জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তারা নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা এবং জরুরি সেবা সংক্রান্ত মতামত দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, “সবাইকে সতর্ক থাকতে হবে। জনবল মোতায়েনে কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে।”
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, “সবার পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে দিবস দুটি শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হওয়ার জন্যও সতর্ক দৃষ্টি রাখতে হবে।”