রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির খোঁজ নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, সকালে করা পুনরায় সিটি স্ক্যানে মস্তিষ্কে গুরুতর ক্ষতির প্রমাণ মিলেছে। একপর্যায়ে কিডনি অকার্যকর হলেও বর্তমানে তা আবার সচল হয়েছে।
তিনি বলেন, গুলি মস্তিষ্কের টেম্পোরাল অংশ ভেদ করে প্রবেশ করেছে। মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি ও রক্ত জমাট রয়েছে। লাইফ সাপোর্টে থাকলেও ফুসফুসের অবস্থা অপরিবর্তিত। খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ রক্তনালির পাশ দিয়েই গুলিটি গেছে।
ডা. আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কয়েকটি হাসপাতালে কেস সামারি পাঠানো হয়েছে। সাড়া পাওয়া গেলে পরিবার সিদ্ধান্ত নেবে কোন হাসপাতালে নেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
হাদির গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) স্কোর এখনও তিনেই রয়েছে, যা অপারেশনের আগের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অস্ত্রোপচারের মাধ্যমে শরীরে থাকা বুলেটের কিছু অংশ অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ডিএমপি। শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।