জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠা করেছে।
রোববার (৩ মে) সংসদ ভবনে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার জানান, গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক কাঠামো নানা চাপে ছিল। বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন ও বিভিন্ন অভিযোগের কারণে সেই সময়কালকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ই বাংলাদেশ ও আলজেরিয়ার বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন, এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি আলজেরিয়ার সমর্থনকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক হিসেবে দেখেন তিনি।
আলজেরিয়ার রাষ্ট্রদূতও বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, তাদের সরকার ও জনগণ এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে মূল্যায়ন করেছে এবং এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
বৈঠকে উভয় পক্ষ ক্রীড়া, কারিগরি সহযোগিতা, জাহাজ নির্মাণ, তৈরি পোশাক খাত, শিক্ষা এবং জ্বালানি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্পিকার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, প্রতিনিধিদল বিনিময় এবং কূটনৈতিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।
এ সময় আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধিরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।