এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ১২ তারিখের ভোটে অংশগ্রহণের হার ৬০ শতাংশের নিচে নামবে না—বরং এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনাই প্রবল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে।
ইসি সচিবালয় জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম ইতোমধ্যে দেশের সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন।
১১ ফেব্রুয়ারি রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। ২৯৯টি আসনে ভোট হচ্ছে।
ভোটের আগে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তাপ ছড়ালেও নির্বাচন কমিশনের দাবি, সার্বিক প্রস্তুতি সম্পন্ন এবং নিরাপত্তা জোরদার রয়েছে।