সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক জসীম বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না।" তিনি জানান, ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এমনকি, বিকেল ৪টায়ও যদি কোনো ভোটার ভোটকেন্দ্রের সামনে অবস্থান করেন, তাকেও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন একটি মডেল নির্বাচন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনুসরণীয় হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, "যেভাবে আপনাদের কথা দিয়েছিলাম, আমরা সেগুলোর প্রত্যেকটি ধাপ অনুসরণ করে আজকের এই পর্যায়ে এসেছি। বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীরা ডাকসুতে অংশগ্রহণ করছে, যা প্রার্থীর সংখ্যা দেখলেই বোঝা যায়।"
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীকে ভোট দিতে আসার অনুরোধ জানিয়েছেন। নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে তিনি সব অংশীজনের সহযোগিতা কামনা করেন। এ লক্ষ্যে, আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।