জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা ও বিতর্কের মাঝেই স্বাক্ষর অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কেবলই আনুষ্ঠানিকতা। তাই এনসিপি এতে অংশ নেবে না।”
তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই নির্ধারণ করা হয়েছে। “ঘোষণাপত্রে অনেক গুরুত্বপূর্ণ ন্যারেটিভ বাদ দেওয়া হয়েছে, যা সরাসরি জনগণের প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ,” বলেন নাহিদ ইসলাম।
তিনি আরও জানান, ঐকমত্য না হওয়া ৮৪টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে। “জনগণ যদি চায়, সনদ অনুমোদিত হবে এবং নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে,” বলেন তিনি।
এনসিপি আহ্বায়ক আরও অভিযোগ করেন, নির্বাচনী প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষতা হারাচ্ছে। “ইসি জোর করে একটি পক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী,” মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম স্পষ্ট করে জানান, “জুলাই সনদ নিয়ে নাটকীয় প্রদর্শনীর প্রয়োজন নেই। আমরা আইনি কাঠামো ও জনসম্মতির ভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক নাটকের অংশ হব না।”