বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে অনুষ্ঠানস্থল থেকে ধাক্কাধাক্কি করে বের করে দিচ্ছেন। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে।
জাকির হোসেন মিন্টু অভিযোগ করেন, অনুষ্ঠানে প্রবেশের পর তাকে গালাগাল করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন বলেও দাবি করেন।
একই অভিযোগ করেন ইমরান আল নাজির। তিনি বলেন, জেলা প্রশাসনের আমন্ত্রণে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গেলেও সেখানে পৌঁছানোর পর বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের ওপর হামলা চালিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই ঘটেছে বলেও তিনি দাবি করেন।
অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির সংশ্লিষ্ট নেতারা। তাদের দাবি, তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যেতে বলা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, অনুষ্ঠান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা তার নজরে আসেনি। তবে অনুষ্ঠান শুরুর আগে কিছু ঘটে থাকলে তা খতিয়ে দেখা হবে।