ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে এনসিপির জোট গঠনের ঘোষণার পরপরই নিজের অবস্থান স্পষ্ট করেন মাহফুজ আলম। রোববার রাতে ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি
জানান, “এই এনসিপির অংশ আমি হচ্ছি না।”
মাহফুজ আলম বলেন, গত দেড় বছরে নাগরিক কমিটি ও এনসিপির সঙ্গে তিনি নীতিগত ও কৌশলগতভাবে যুক্ত ছিলেন। তবে নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, সামাজিক ও সাংস্কৃতিক ফ্যাসিবাদ মোকাবেলা এবং বৃহত্তর জুলাই ঐক্যের যে স্বপ্ন তিনি দেখেছেন, তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
তিনি জানান, জামায়াত-এনসিপি জোট থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব পাওয়া সত্ত্বেও আদর্শিক অবস্থান ধরে রাখাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোনো পক্ষ না নিয়ে নিজের নীতিতে অটল থাকার কথাও উল্লেখ করেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ নেতৃত্বের সম্ভাবনা এখনও শেষ হয়নি। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই অব্যাহত রাখবেন তিনি। একই সঙ্গে তার সঙ্গে যুক্ত হতে আগ্রহীদের স্বাগত জানান।
এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে তাদের নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। এর আগে জামায়াত আমির শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এনসিপি ও এলডিপি জোটে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।