শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকারের অবস্থা ভালো নয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের দক্ষতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন রয়েছে। জনগণের কল্যাণের কথা বিবেচনা করেই ছয় দফা দাবি দেওয়া হয়েছে। কিন্তু সরকার এসব দাবি গ্রহণ না করলে আগামী দিনে ছয় দফাই এক দফার দাবিতে রূপ নেবে।
তিনি অভিযোগ করেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায় সরকার বাস্তবায়ন করেনি। ফলে জনগণের আস্থা সরকারের ওপর আর নেই বলেও মন্তব্য করেন তিনি।
ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় হাজারো তরুণ প্রস্তুত রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সময় থাকতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ, যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।
গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান এবং রাষ্ট্র ও প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চ কর্মসূচির আয়োজন করে।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।