শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত উদ্বোধনী সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা চট্টগ্রামের লালদিঘি ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করেন।
লংমার্চ শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করে সরকার দেশ ও জনগণের সঙ্গে প্রতারণা করছে।
তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এসব কারণে বর্তমান সরকার নিজেদের ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তারা।
সমাবেশে নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য ছয় দিনই যথেষ্ট ছিল। কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও গণরায়ের বাস্তবায়ন হয়নি। জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সরকারের এই অবস্থানের জবাব জনগণ যথাসময়ে দেবে বলেও হুঁশিয়ারি দেন ১১ দলীয় ঐক্যের নেতারা। একই সঙ্গে তারা অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণ করা হচ্ছে এবং মানুষের মতপ্রকাশের অধিকার সংকুচিত করা হচ্ছে।
তারা আরও বলেন, সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করছে, যা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মতো আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি সার সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এসব সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।