তিনি আরো বলেন, নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। তবে এতে অনেকে বাঁধা দেওয়ায় তাদের মাঝে ধোঁয়াশা তৈরি হচ্ছে।
তিনি মৌলিক সংস্কার প্রসঙ্গে বলেন, “আমরা বারবার মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। নির্বাচন যেকোনো সময় হতে পারে, তবে তার ধরন পরিষ্কার করতে হবে। ফ্যাসিবাদী সংবিধান মেনে নির্বাচন হলে আবারও স্বৈরাচার ফিরে আসবে। তাই নতুন সংবিধান বাস্তবায়নের পরই সেই অনুযায়ী নির্বাচন হতে হবে, অন্যথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান প্রসঙ্গে বিএনপির অবস্থান অস্পষ্ট। “তারা আসলেই সংস্কারের প্রতি কতটা আন্তরিক, নাকি প্রতারণার পথে এগোচ্ছে—সে প্রশ্ন উঠছে। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না,” যোগ করেন এনসিপির এই নেতা।
জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “সনদে ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবায়নের পদ্ধতি পরিষ্কার নয়। সংসদের কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা কিংবা নারী নেতৃত্বসহ নানা বিষয় আবার ভবিষ্যৎ রাজনৈতিক দলের ওপর ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এভাবে চললে টেকসই সংস্কার নিশ্চিত করা যাবে না।”