জানা যায়, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা ক্যান্টিনের খাদ্যের উচ্চমূল্য ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযোগ করে আসছিলেন। মালিককে কয়েক দফা সতর্ক করা হলেও কোনো পরিবর্তন দেখা যায়নি।
সরাসরি অভিযানকালে দেখা যায়, নোংরা এবং দুর্গন্ধযুক্ত রেফ্রিজারেটরে একই সাথে রাখা আছে কাঁচা মাংস ও বাসি ভাত। পলিথিন ফেটে ছড়িয়ে আছে বাসি তরকারি। রান্নার কাজ চলছে স্যঁতস্যেতে, আর ভাত রাখা বাঁশের ঝুড়িতে দেখা গেছে ইঁদুর ও মাকড়সার জাল।
ছাত্ররা অভিযোগ করেন, নিয়মিত সঠিক তদারকি থাকা সত্ত্বেও ক্যান্টিনের অব্যবস্থাপনা চলছিল এবং প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি।
ক্যান্টিন মালিক আরশাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আমি কোন কথা বলবো না। ক্যান্টিন ছেড়ে দেওয়ার চিঠি বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, তাদের সঙ্গে কথা বলুন।” বাসি ভাত-তরকারি সংরক্ষণের বিষয়ে তিনি যোগ করেন, “বাসি খাবার তো খাওয়াই যায়, আমরাও খাই।”
গকসু’র সমাজকল্যাণ ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অন্তর বলেন, “ছাত্র সংসদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ক্যান্টিনে অভিযান চালানো হয়েছে। একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার রাখা হয়েছে। যদি আজ থেকে ঠিক না করা হয়, ক্যান্টিন বন্ধ করে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “নির্বাচনের পর আমরা কয়েকবার পরিস্থিতি দেখেছি, কিন্তু কোনো সমাধান হয়নি।”
ক্যান্টিন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জানান, “আজ কোনো চিঠি জমা হয়নি। গত ৪ সেপ্টেম্বর ক্যান্টিন মালিক ক্যান্টিন ছেড়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছিল এবং ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছিল। প্রশাসন, ক্যান্টিন কমিটি ও ছাত্র সংসদের সদস্যরা আগামী রবিবার মিটিং করে ক্যান্টিন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”