সিদ্দিকী বলেন, চেস্টে ইনফেকশন যুক্ত হওয়ায় তার আগের হার্টের সমস্যা আরও বেড়ে যায়। পেসমেকার ও রিং থাকা সত্ত্বেও মাইট্রাল সমস্যার কারণে শ্বাসকষ্ট তীব্র হয়। ভর্তি হওয়ার পরপরই দ্রুত পরীক্ষাগুলো করে অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা শুরু করা হয়েছে। তিনি জানান, পরবর্তী ১২ ঘণ্টা পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসপাতালে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বড় মেডিকেল বোর্ড কাজ করছে। বোর্ডে দেশ-বিদেশের চিকিৎসকরাও যুক্ত হয়ে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কেবিনেই নিবিড় পর্যবেক্ষণে পরিচালনা করছে।
অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আপাতত গুরুতর উদ্বেগের কিছু না থাকলেও চিকিৎসার প্রতিটি ধাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকের পরীক্ষার রিপোর্ট হাতে এলে চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বিদেশ থেকে নিয়মিত যোগাযোগ রেখে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে জাহিদ বলেন, খালেদা জিয়া অতীতের মতোই সবার কাছে তার সুস্থতার প্রার্থনা কামনা করেছেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখ ও ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছেন। চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে দীর্ঘ চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন।