নির্বাচন কমিশন (ইসি) এমন একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা হবে স্বচ্ছ আয়নার মতো নিখুঁত—যেখানে কোনো লুকোছাপা থাকবে না। সোমবার (৬ অক্টোবর) সকালে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ—একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও অনুকূল পরিবেশ সৃষ্টি সম্ভব নয়। তাই আমরা চাই সাংবাদিক সমাজও আমাদের পাশে থাকুক।”
এ সময় তিনি এআই প্রযুক্তির অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
সিইসি আরও বলেন, “প্রবাসী ভোটারসহ যারা নির্বাচনের দায়িত্ব পালন করেন, বিশেষ করে প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে এবার ভোটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে চাই।”
তিনি জানান, আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর জুলাই সনদের যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হবে। সংলাপে উঠে আসা মতামতগুলো বাস্তবায়নে কমিশন অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর থেকে ভোটসংলাপ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হয়, যদিও ওই সংলাপে অর্ধেকেরও বেশি আমন্ত্রিত প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি।