রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল প্রকাশের সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। একই সময় থেকে পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানও জানিয়েছেন, নির্ধারিত সময় সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখা যাবে।
এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। সেগুলো হলো "eduboardresult.gov.bd" (https://reference-url-citation.invalid/0) এবং "educationboardresults.gov.bd" (https://reference-url-citation.invalid/1)। পরীক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে প্রথমে ‘SSC’ লিখতে হবে। এরপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে মেসেজের ধরন হবে ‘SSC DHA ROLL YEAR’। দাখিল পরীক্ষার্থীদের ‘SSC MAD ROLL YEAR’ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ‘SSC TEC ROLL YEAR’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে, যার মধ্যে সব ধরনের প্রযোজ্য কর অন্তর্ভুক্ত।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের সুযোগও থাকছে। আগামী ১১ আগস্ট থেকে এ আবেদন শুরু হবে এবং চলবে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করে শিক্ষার্থীদের জানাতে পারবে। এজন্য ওয়েবসাইটের ‘Result’ অংশে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করতে হবে।
শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট ও নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি ১৬১৪০ এবং ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।