বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদ’ নিয়ে বিএনপি ইতিবাচক মনোভাব পোষণ করছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হলে নির্ধারিত সময়ের আগেই সনদ সংক্রান্ত একটি গঠনমূলক সিদ্ধান্ত আসবে।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, “গণতন্ত্র মানে সংলাপ ও সমঝোতা। তাই জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক ও যৌক্তিক রাজনৈতিক ঐক্য সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”
তারেক রহমানের সাম্প্রতিক আন্তর্জাতিক সাক্ষাৎকার প্রসঙ্গে রিজভী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য রেখেছেন। তাঁর বক্তব্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না, বরং তিনি ঐক্য, ন্যায়বিচার ও আইনের শাসনের কথা বলেছেন। যারা অপরাধ করেছেন, তাদের বিচারের কথাও বলেছেন—তবে সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই।”
রিজভী আরও বলেন, “তারেক রহমানের বক্তব্যের মূল বার্তা হচ্ছে জাতীয় ঐক্য ও অংশগ্রহণমূলক রাজনীতি। তাঁর কথা দেশের সুশীল সমাজ, পেশাজীবী ও সাধারণ মানুষের কাছে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।”
কৃষি খাত নিয়ে তিনি বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না—এই অবস্থা পরিবর্তনে অ্যাবকে এগিয়ে আসতে হবে।”
তিনি জানান, অ্যাব এমন একটি কৃষিবান্ধব নীতিমালা প্রণয়নে কাজ করছে, যা কৃষকদের স্বার্থরক্ষা করবে।