এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে দিনব্যাপী এই সংলাপে অংশ নিতে দলগুলোর কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়।
ইসির সূত্র জানায়, কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি সেশনে ছয়টি করে রাজনৈতিক দল অংশ নেবে। অর্থাৎ, প্রতিদিন দুটি সেশনে মোট ১২টি দল সংলাপে অংশগ্রহণ করবে।
প্রথম দিন—অর্থাৎ আজ ১৩ নভেম্বর—দিনব্যাপী সংলাপে ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালবেলার সেশনে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বিকেলবেলার সেশনে অংশ নেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপের ধারাবাহিকতা অনুযায়ী সবশেষে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবে কমিশন। এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ সম্পন্ন হয়েছে।