ঘোষিত আয়ের তুলনায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ সামাদুল হক এর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ বিবরণীতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে প্রকৃত আয়ের তথ্য গোপন করে ৪ কোটি ২১ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।
দুদকের তদন্তে দেখা যায়, সাঈদ সামাদুল হক মোট প্রায় ১১ কোটি ৪১ লাখ টাকার সম্পদ প্রদর্শন করলেও অনুসন্ধানকালে তার নামে ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ৭ কোটি টাকার বেশি সম্পদের সুনির্দিষ্ট বৈধ উৎস পাওয়া যায়নি। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি ব্যাংক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তীতে ব্যবসায়িক কার্যক্রমের আড়ালে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেন।
অভিযোগ বিবরণীতে আরও বলা হয়, রাজধানী ঢাকায় তার নামে ও পরিবারের সদস্যদের নামে ফ্ল্যাট, জমি, ব্যাংক আমানত ও নগদ অর্থ রয়েছে। পাশাপাশি এনএইচএল ফর্চুনাসহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে তার আর্থিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া টেলিভিশন সংশ্লিষ্ট বিনিয়োগ ও বিভিন্ন কোম্পানির মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়েও দুদক প্রমাণ পেয়েছে।
দুদকের অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এসব অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করে মামলাটি বিচার পর্যায়ে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।