রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, ছোট্ট শিশু রামিসার ওপর ঘটে যাওয়া নৃশংস ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। এমন একটি ঘটনার বিচার দ্রুত শেষ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীও শুরু থেকেই স্বল্প সময়ের মধ্যে বিচার শেষ হওয়ার প্রত্যাশা করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী জানান, মামলার ডেথ রেফারেন্স আগামী সাত দিনের মধ্যেই উচ্চ আদালতে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় পেপারবুক প্রস্তুতের কাজ শেষ করে মামলাটি শুনানির তালিকাভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, উচ্চ আদালতের কার্যক্রম শুরু হলে রামিসা হত্যা মামলার পাশাপাশি সিনহা, আছিয়া ও রাজনের মতো আলোচিত দ্রুত বিচার হওয়া মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হবে।
তার ভাষ্য, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ যদি বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে শুনানি করে, তাহলে তিন মাসের মধ্যেই এ রায়ের চূড়ান্ত বাস্তবায়ন সম্ভব হতে পারে।
উল্লেখ্য, রোববার রাজধানীর পল্লবীতে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।