শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকজন টেলিভিশন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে এক যুবক তাদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকেরা গাড়িটি জরুরি পরিষেবার আওতাভুক্ত এবং ইজারার আওতামুক্ত বলে জানালে ওই যুবক গাড়িটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।
অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে এসে বিপ্লব সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং চাঁদা দাবি করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারধর করতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোরও চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় বিপ্লবকে বকাঝকা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য ইজারা বাতিলের কথা জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, তাঁর কোনো ভাতিজা নেই। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের জন্য বলেছেন।