শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ভারতের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলেও জানান তিনি।
দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এ সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু গ্যাস-বিদ্যুৎ সংকটের অজুহাতে বিরোধী দল লং মার্চ করছে। লং মার্চ করে কীভাবে সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
জামায়াতের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, স্বার্থের প্রয়োজনে দলটি তাদের শত্রুদের সঙ্গেও আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে সমঝোতা করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে জামায়াত বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের বক্তব্য একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দিল্লি সরকার বারবার তারেক রহমানকে সফরের অনুরোধ জানিয়েছে। কিন্তু শেখ হাসিনা ও ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত যাবেন না। একই অনুরোধ ভারত যদি জামায়াতের আমিরকে করত, তাহলে এতদিনে তিনি দিল্লিতে থাকতেন বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। এর মধ্যে জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লং মার্চ করেছে এবং এখন রংপুরের দিকে লং মার্চের ঘোষণা দিয়েছে। জামায়াতের লং মার্চ ও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণাকে দেশ অশান্ত করার অপচেষ্টা উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন রাশেদ খাঁন।
পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা দেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।