ফাঁস হওয়া কথোপকথনে শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদকের অনুসন্ধানে অডিওতে থাকা দুই ব্যক্তির একজন আরমান উদ্দিন বলে নিশ্চিত হওয়া গেলেও অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে।’ জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরও লোকজনের চাপে আসে।’
কথোপকথনের আরেক অংশে অস্ত্র নিয়ে অবস্থান করার কথাও উঠে আসে। তবে এ বিষয়ে সতর্ক করে অপর ব্যক্তি বলেন, এমন কিছু হলে পুলিশ, সেনাবাহিনী ও এমপি সবাই সেখানে চলে আসবেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে আরমান উদ্দিন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব?’ পরে অডিওটি শুনতে চান। অডিও পাঠানোর পর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রের ধারণা, অডিওতে থাকা অপর ব্যক্তি বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে শাহজাহান চৌধুরীর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অডিওটির উৎস, সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।