বিগত নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত প্রভাবশালী অবস্থানে থেকে নির্বাচনের পরিবেশ নষ্ট করেছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এবার হয়তো বাহিনী অতটা শক্তিশালী থাকবে না এবং ভালো নির্বাচন আয়োজনের জন্য কাজ করবে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকরা ইসির প্রতি আস্থা ফেরানো এবং বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন আইনশৃঙ্খলা বিষয়ক, তাই এ বিষয়ে কমিশনার সানাউল্লাহ ব্যাখ্যা দেবেন।
ইসির আইনশৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে সানাউল্লাহ বলেন, কিছু বাহিনী অতীতে ‘ট্রমা’র মধ্য দিয়ে গেছে এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিবর্তনের প্রভাব এখনো আছে। তবে এবার তারা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, আত্মবিশ্বাস পুনরুদ্ধার ও ঘাটতি পূরণের লক্ষ্যে কমিশন কাজ করছে। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা, মাঠ প্রশাসন ও তদারকির জন্য পাঁচটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করেছে। আইনশৃঙ্খলা কমিটির নেতৃত্বে রয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।