ইসি সূত্র জানায়, দেশ ও দেশের বাইরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে অবস্থান করে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।
দেশের ভেতরে নিবন্ধনকারীদের বড় একটি অংশ সরকারি চাকরিজীবী। তাদের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন। এছাড়া আনসার ভিডিপির সদস্য ১০ হাজার ১০ জন এবং কারাগারে থাকা ভোটারদের মধ্য থেকে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।
প্রবাসী ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের তথ্যমতে, ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরব থেকেই সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। একই অ্যাপ ব্যবহার করে দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার—নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নিবন্ধনের সুযোগ পান।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ডাকযোগে ভোট পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে নির্ধারিত স্থানে চিহ্ন দিয়ে ভোট প্রদান করা