সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন আনোয়ার ইব্রাহিম। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। সফরে তিনি চীনও ভ্রমণ করেন। ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হন দুই নেতা।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে উচ্চপর্যায়ের সফর, নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা জানানো হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।
দীর্ঘদিন বন্ধ থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) ও দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারেক রহমানের মালয়েশিয়া সফরে আলোচিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে আনোয়ার ইব্রাহিমের এই সফর।
সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয় আলোচনায় আসতে পারে।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।