সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা দাখিল করে তিনি এ ঘোষণা দেন।
ত্যাজ্য ঘোষিত নাহিদ হাসান সবুজ (২৪) ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা আবু জাফর হলফনামায় উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্য আচরণ করে আসছিলেন এবং বর্তমানে পরিবারের বাইরে আলাদাভাবে বসবাস করছেন। নিজের ইচ্ছামতো জীবনযাপন করায় পরিবারের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।
তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তার ছেলে সংগঠনের কার্যক্রমে জড়িত রয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তিনি বিব্রত হন।
হলফনামায় স্পষ্ট করা হয়েছে, নাহিদ হাসান সবুজের কোনো আয়-ব্যয়, দায়-দেনা কিংবা ভবিষ্যৎ কর্মকাণ্ডের দায়ভার আবু জাফর বা তার পরিবারের কেউ বহন করবেন না। তার সঙ্গে পরিবারের আইনগত ও রক্তসম্পর্কীয় সব সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলেও উল্লেখ করা হয়।
আবু জাফর বলেন, দেশের আইন ও বিধিবিধানের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে তার সন্তান জড়াক, তা তিনি মেনে নিতে পারেন না। বারবার সতর্ক করার পরও পরিবর্তন না আসায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ঝিনাইদহ জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে হলফনামার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।