রোববার (৭ জুন) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি পুরোপুরি সন্তুষ্ট। এখন শুধু চাই, দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর হোক। তাহলেই আমার মনের কষ্ট কিছুটা হলেও কমবে।”
তিনি আরও বলেন, মেয়ের জন্য ন্যায়বিচার পাওয়ার এই পথে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং দেশের সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা তাদের পরিবার কখনও ভুলবে না।
রামিসার বাবা জানান, কঠিন এই সময়ে যারা তাদের মানসিকভাবে সাহস জুগিয়েছেন এবং সহমর্মিতা দেখিয়েছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞ।
তিনি বলেন, একজন বাবা হিসেবে এখন একটাই চাওয়া যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তি কার্যকর হতে দেখা।
উল্লেখ্য, রোববার রাজধানীর পল্লবীতে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।