কুমিল্লাকে আলাদা বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে পেশাজীবী, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। তার ভাষায়, কুমিল্লার উন্নয়ন বঞ্চনা এখন সম্মানের প্রশ্নে দাঁড়িয়েছে, তাই ন্যায্য দাবির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি অভিযোগ করেন, দেশের অন্যতম ব্যস্ত ঢাকা–কুমিল্লা মহাসড়ক আজও কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। ১৯৮৮ সালের বন্যার পর পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হলেও ফ্লাইওভার, আন্ডারপাস বা সার্ভিস লেন—কোনোটিই বাস্তবায়িত হয়নি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বিলম্ব, বিমানবন্দর চালু না হওয়া এবং শিল্প-বাণিজ্য ও শিক্ষা খাতে বৈষম্যমূলক বরাদ্দকে বড় বঞ্চনা হিসেবে উল্লেখ করেন তিনি।
তার দাবি, ব্রিটিশ যুগ থেকে পাকিস্তান আমল পর্যন্ত কুমিল্লা গুরুত্ব পায়নি, স্বাধীন বাংলাদেশেও সেই চিত্র খুব একটা বদলায়নি। আন্দোলনের অংশ হিসেবে তিনি ভবিষ্যতেও রাজপথে থাকার ঘোষণা দেন। সমাবেশে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সদস্যসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।